Hanuman Chalisa Chaupai 36 Meaning in Bengali
Tulsidas, a renowned poet-saint, authored the Hanuman Chalisa with Meaning in the 16th century.
Hanuman Chalisa Chaupai 36 in Bengali with Meaning & Analysis
সঙ্কট কটৈ মিটৈ সব পীরা।
জো সুমিরৈ হনুমত বলবীরা॥
সারানুবাদ : যিনি মহাবলবীর্য সমন্বিত শ্রীহনুমানকে স্মরণ করেন, তাঁর সকল সঙ্কট দূর হয় এবং সর্ব রোগ নিরাময় হয়ে যায়।
ব্যাখ্যা : আগেই উল্লেখ করা হয়েছে যে, শ্রীহনুমানজী তাঁর অসংখ্য ভক্তের সঙ্কট দূর করেছেন এবং সবসময়ই করছেন। সমস্ত রামায়ণে যেমন তাঁর সঙ্কট দূর করার অনেক প্রসঙ্গ আছে, তেমনই শ্রীহনুমানজীর স্মরণ ও কৃপায় সঙ্কট থেকে উদ্ধার প্রাপ্তির ঘটনার সাক্ষী হয়তো আপনারা অনেকেই, তার সংখ্যাও কিছু কম নয়। শ্রীহনুমানজীর প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস অনেক বড় সঙ্কটকেও পাশ কাটিয়ে দেয়। আমার নিজের জানা ও দেখা ঘটনার সংখ্যাও কম নয় যা নিয়ে পরে লেখার ইচ্ছা রইল। আমরা দেখে নিই রামায়ণের কিছু প্রসঙ্গ :-
(১) সুগ্রীব : বড় ভাই বালীর দ্বারা তিনি বিতাড়িত হয়ে ঋষ্যমুক পর্বতে অবস্থান কালে শ্রীহনুমানজীর কৃপায় প্রভু শ্রীরাম ও লক্ষ্মণের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। বালী সুগ্রীবের স্ত্রীকে অবধি আটক করে রেখেছিলেন। শ্রীহনুমানজী প্রভু শ্রীরামের সঙ্গে তাঁর মিত্রতা স্থাপন করান এবং প্রভু তাঁর সব সঙ্কট দূর করেন। প্রভু প্রথমে বালীকে বধ করেন, সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসান এবং পত্নী রুমাকেও বালীর কবল থেকে মুক্ত করেন।
(২) বিভীষণ : তাঁর অবস্থান অত্যন্ত তামসিক পরিবেশে হলেও, প্রভু শ্রীরামের প্রতি ভক্তি ও বিশ্বাস তাঁকে সর্বদাই নীতিপূর্ণ এবং আধ্যাত্মিক জীবন যাপন করতে সহায়তা করেছে। শ্রীহনুমানজীর সাথে তাঁর প্রথম সাক্ষাৎ তাঁকে সুনিশ্চিতভাবে প্রেরণা জুগিয়েছিল যে ‘বিনু হরিকৃপা মিলহিঁ নহিঁ সন্তা’ (রা:চ:মা:)— বিভীষণ শ্রীহনুমানজীকে বলছেন যে, আমার এখন দৃঢ় বিশ্বাস হয়েছে যে, প্রভু শ্রীরামের কৃপা বিনা আপনার মতো সন্তের সাক্ষাৎ হত না। শ্রীহনুমানজীর পরামর্শে তিনি রাবণকে বোঝাতে যান যে তিনি যেন প্রভু শ্রীরামের বৈরী না হন এবং তাঁর পত্নী সীতাকে যেন সসম্মানে প্রভু শ্রীরামের কাছে ফিরিয়ে দেন। তাঁদের এই সাক্ষাৎ এতদূর সুদূরপ্রসারী হয়েছিল যে ভ্রাতা রাবণকে বোঝাতে গিয়ে বিভীষণ তাঁর দ্বারা পদাঘাত প্রাপ্ত হন এবং পরে সমুদ্র পেরিয়ে প্রভু শ্রীরামের শরণাগত হন। করুণানিধি শ্রীরাম তাঁকে লঙ্কার অধিপতি করেন এবং সখা ও পরামর্শদাতা হিসাবে সম্মান দেন।
(৩) সীতা : লঙ্কার অশোকবনে জনকনন্দিনী সীতার চরম সঙ্কটের সময় শ্রীহনুমানজীর সেখানে উপস্থিত হওয়া এবং তাঁকে প্রভু শ্রীরামের আংটি দিয়ে তাঁর বিরহের অবসান ঘটানোর প্রচেষ্টা রামায়ণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি নিজের বিশালমূর্তি দেখিয়ে মাতা সীতার মনে বিশ্বাস জাগান যে রাবণের রাক্ষসবাহিনীর তুলনায় বানর ও ঋক্ষরা কোনো অংশে কম নয়। মাতা সীতা শ্রীহনুমানজীকে আশীর্বাদ দিয়ে অনেক কথার মধ্যে এই কথাও বলেন যে, তাঁর বিরহ-সাগরে তিনি (শ্রীহনুমানজী) এক জাহাজ স্বরূপ।
(৪) লক্ষ্মণ : লক্ষ্মণ সর্বদাই শ্রীহনুমানজীর কাছে ঋণী। শ্রীহনুমানজী তাঁকে তিন তিন বার মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনেছেন। প্রথমবার সঞ্জীবনী বুটি এনে, দ্বিতীয়বার খগরাজ গরুড়কে নিয়ে এসে এবং তৃতীয়বার পাতালে অহিরাবণ বধে যোগদান করে। লঙ্কাযুদ্ধের অন্যতম রাক্ষসবীর রাবণপুত্র মেঘনাদকে বধ করার এক অন্যতম কাণ্ডারীও ছিলেন শ্রীহনুমানজী, যাঁর সাহায্যে লক্ষ্মণ এই নিধন কার্য করেন।
(৫) ভরত : অধিকাংশ রামায়ণই প্রভু শ্রীরামের ভাই ভরতের যশগান মুক্তকণ্ঠে করেছে। তাঁর তপশ্চর্যা ও সদ্গুণ কোনো সিদ্ধ মহাপুরুষের চেয়ে কম ছিল না। ভরত প্রতিজ্ঞা করেছিলেন যে প্রভু শ্রীরামের চৌদ্দ বৎসর বনবাস যেদিন শেষ হবে, তার পরদিন তিনি (প্রভু শ্রীরাম) অযোধ্যায় না ফিরলে, তিনি আগুনে আত্মাহুতি দেবেন। তাঁর এই পরম প্রেমাকুল ভাইকে প্রভু শ্রীরাম বনবাসকালে সর্বদা স্মরণ করতেন এবং তাঁর জন্য সবার আড়ালে অশ্রু বিসর্জন করতেন, যা একবার লক্ষ্মণের নজরে পড়ে যায়।
প্রভু যে শীঘ্রই অযোধ্যায় ফিরবেন, প্রভু শ্রীরামের আদেশে শ্রীহনুমানজী ভরতকে এই সমাচার দিতে এসে দেখেন যে প্রভুর অযোধ্যায় প্রত্যাবর্তনের প্রতীক্ষায় ভরত পরম আকুল হয়ে ক্রন্দন করছেন। বিপ্ররূপে এসে শ্রীহনুমান ভরতকে এই সমাচার দিলে ভরতের দুঃখ দূর হয়। শ্রীশ্রীরামচরিতমানসে গোস্বামীজী এই ঘটনার উল্লেখ করে লিখেছেন যে, ভরত বলছেন, “হে হনুমান, তোমার দর্শনে আমার সব দুঃখ চলে গেছে। মনে হচ্ছে তোমার রূপে আজ আমার প্রিয় রামের সাথে মিলন হচ্ছে।”
(৬) বানর : যখন দক্ষিণ দিশায় অঙ্গদের নেতৃত্বে বিশাল বানরবাহিনী মাতা সীতার খোঁজে রওনা হলো, তখন সুগ্রীব তাদের একমাস সময় দিয়েছিলেন এবং মাতা সীতার খোঁজ না আনতে পারলে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছিলেন। একমাস সময় প্রায় পূর্ণ হওয়ার মুখে ছিল এবং সমস্ত বানরকুল যখন নিরাশায় বিষাদগ্রস্ত, তখন শ্রীহনুমানজী সমুদ্র লঙ্ঘন করে মাতা সীতার খোঁজ এনে সাক্ষাৎ মৃত্যুদণ্ড থেকে অঙ্গদ, জাম্ববান ও অন্যান্য বানরবীরদের রক্ষা করেছিলেন।
(৭) প্রভু শ্রীরাম : যিনি স্বয়ং সঙ্কটহারী, তাঁর সঙ্কট দূর করেছিলেন শ্রীহনুমানজী। পরপর দু-দুবার প্রভু শ্রীরামের প্রাণরক্ষা করেন — একবার মহামতি গরুড়কে এনে আর দ্বিতীয়বার পাতালে অহিরাবণের ভুজা উৎপাটন করে। এছাড়া প্রভু যখন মাতা সীতার খোঁজ না পেয়ে বিরহাকুল ছিলেন, তখন তাঁর দুঃখ দূর করেছিলেন মাতা সীতার চূড়ামণি এনে দিয়ে। রামায়ণে শ্রীহনুমানজীর সঙ্কটহরণের আরও অনেক কাহিনী আছে। যেমন —
(৮) রাজা সুবাহু : একবার অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার সাথে থাকবার সময় তাঁর কৃপায় রাজা সুবাহুর সঙ্কট দূর হয়েছিল।
(৯) পুষ্কল, শত্রুঘ্ন ও অন্যান্যরা : আর একবার ধর্মপ্রাণ মহারাজ বীরমণির রাজ্যে অশ্বমেধের ঘোড়ার প্রবেশ ও তাকে আটকানোর পরিপ্রেক্ষিতে এক ভীষণ যুদ্ধ বাধে, যাতে যুদ্ধক্ষেত্রেই ভরতপুত্র পুষ্কল ও পরে স্বয়ং শত্রুঘ্নের মৃত্যু হয়। শ্রীহনুমানজীর বীরত্ব, বুদ্ধি ও প্রভুকৃপায় শত্রুঘ্ন, পুষ্কলসহ সমস্ত মৃত যোদ্ধারা প্রাণ ফিরে পান।
এইসব মহান চরিত্রদের যদি শ্রীহনুমানজী সঙ্কট থেকে উদ্ধার করতে পারেন, তাহলে তাঁর স্মরণ-মনন ও কীর্তনে আমাদের সব সঙ্কট অবশ্যই দূর হবে, এ বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। শুধু দরকার তাঁর প্রতি অবিচল শ্রদ্ধা ও বিশ্বাস।